ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-26 11:44:28 · স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালি করেছে সিটি করপোরেশন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে থেকে বের হওয়া এ র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে র্যালিটি নগরীর টাউনহল, নতুন বাজার মোড়, রেলীর মোড়, জিরোপয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাইফুর রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সুমনা আল মজিদ প্রমুখ।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, ‘কেবল ক্র্যাশ প্রোগ্রাম করেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়, যদি না নগরবাসী সচেতন হন। তাই মশক নিধনের পাশাপাশি জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে সিটি করপোরেশন। এডিস মশার বংশবিস্তারের প্রধান উৎস বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা স্বচ্ছ পানি।’
এছাড়া সিটি করপোরেশন থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান সিটি প্রশাসক।