শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক কনফারেন্স অনুষ্ঠিত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-26 11:52:46 · স্টাফ রিপোর্টার
‘ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াসের বিকল্প নেই’ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। ওইসময় তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বিত প্রয়াসের বিকল্প নেই। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
কনফারেন্সে আরও বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার একেএক জহিরুল ইসলাম, পিবিআই শেরপুর-জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ এমরান হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন, শারমিন সুলতানা, সিনিয়র সহকারী জজ তনিমা রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরা, স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান প্রমুখ। ওইসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ, র্যাব ও সিআইডির প্রতিনিধি, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।