বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ক্যাম্পাস মেইল · 2026-10-05 14:46:29 · মোঃ মুশফিকুর রহমান তুহিন
বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের কনফারেন্স কক্ষে ০৫ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আগামী বিশ্ব শিক্ষক দিবস হতে প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে অন্তত একজন গুণী শিক্ষককে বেস্ট শিক্ষক এওয়ার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে আমাদের শিক্ষকগণের মাঝে আদর্শ ও গুণী শিক্ষক হওয়ার প্রতিযোগিতা তৈরি হবে।’মাননীয় আরও বলেন, ‘আগামী বিশ্ব শিক্ষক দিবস হতে প্রতি বছর এই দিনে আমরা প্রত্যেকে একজন করে আদর্শ শিক্ষকের অভিজ্ঞতা তুলে ধরবো। আদর্শ ও গুণী শিক্ষকগণের বর্ণনা শুনে আমাদের মাঝেও সেই শিক্ষকের মতো আদর্শ ও গুণী শিক্ষক হওয়ার আগ্রহ তৈরি হবে। ’ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।