ময়মনসিংহ মেইল

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-05 05:55:46 · মেইল ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালটিতে ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গু আক্রান্তে মৃত আরিফ ময়মনসিংহ সদর উপজেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা ১২ মিনিটে আরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুর জটিলতা, শ্বাসতন্ত্রের গুরুতর সমস্যা ও ব্রঙ্কিয়েকটেসিস জনিত শ্বাসযন্ত্রের অকার্যকারিতা উল্লেখ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে চিকিৎসাধীন ১১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৯ জন নারী ও ১১ জন শিশু।

চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ২৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪৮ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত