কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-05 12:46:08 · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া ও পৌরসভা এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ২৫০ মিলিগ্রাম চোলাই মদ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন হারুয়া ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার মৃত আমির আলীর ছেলে সুমন (৩৫), কাতিয়ারচর এলাকার মো. জামালের ছেলে মো. মবিন (২০), নগুয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. লাবিব (১৯) এবং নগুয়া বটতলা এলাকার খোকন মিয়ার ছেলে দিপু (২১)।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ খান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বির কাছে প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। একই আদালত মো. মবিন, মো. লাবিব ও দিপুকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজার পিস ইয়াবাসহ জাকির হোসেন (৫৩) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা।
জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন সোনারামপুর (কলাবাগান) এলাকার তাজুল ইসলামের ছেলে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে থেকে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকা থেকে জাকির হোসেনকে আটক করা হয়। আটকের পর তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক জাকির হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।