ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে রাজা মিয়া হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-05 14:11:18 · স্টাফ রিপোর্টার

 ময়মনসিংহ নগরের কৃষ্টপুর রেলওয়ে কলোনির বাসিন্দা ও মহানগর যুবদলের সাবেক নেতা রাজা মিয়া হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষ্টপুর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা রাজা মিয়ার ওপর হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


নিহত রাজা মিয়া (৪৫) ময়মনসিংহ মহানগর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় বউ বাজারে মাছের ব্যবসা করতেন।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে একদল দুর্বৃত্ত কৃষ্টপুর রেলওয়ে কলোনিতে রাজা মিয়ার বাসায় ঢুকে তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। এ সময় তার মাথায় রড দিয়ে আঘাত করা হয় এবং কানে রড ঢুকিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
রাজা মিয়ার স্ত্রী জোসনা আক্তার এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, এলাকার চিহ্নিত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিল। রাজা মিয়া মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বাদী।
মানববন্ধনে রাজা মিয়ার স্ত্রী জোসনা আক্তার স্বামীর হত্যার বিচার দাবি করেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
তিনি বলেন, তার স্বামীকে বাসা থেকে বের করে নির্মমভাবে মারধর করে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি চান তিনি।
জোসনা আক্তার আরও অভিযোগ করেন, মামলার সব আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত কর্মকর্তার ভূমিকা নিয়েও তার প্রশ্ন রয়েছে। তিনি প্রশাসনের কাছে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, স্বামী হত্যার বিচার না পাওয়া পর্যন্ত তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়ে যাবেন। এ সময় তিনি মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি করেন।
রাজা মিয়ার মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন কবীর হোসেন (৩৫), মো. বিনু মিয়া (৪৫) ও মো. নিশাত (২০)।
এদিকে মানববন্ধন থেকে রাজা মিয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত