সেতুর অভাবে দুর্ভোগে লক্ষাধিক মানুষ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-08 05:15:17 · স্টাফ রিপোর্টার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট এলাকায় পেরুয়া নদীর ওপর একটি সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো বাস্তবায়ন হয়নি।
একটি সেতু নির্মাণ হলে সরিষাবাড়ী ও সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রায় ২৫ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, জগনাথগঞ্জ ঘাট দিয়ে প্রতিদিন সরিষাবাড়ী উপজেলা ও কাজিপুর উপজেলার হাজারো মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দৈনন্দিন প্রয়োজনে এ ঘাট পার হতে হয়। নদীর পশ্চিম পাড়ের মানুষের জন্য বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের অন্যতম মাধ্যম এই খেয়াঘাট। সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুমে পেরুয়া নদীর পানি বৃদ্ধি পেলে নৌকায় পারাপার হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সময় ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হয়। অনেক সময় নৌকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থী, রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থীরা জানান, সময়মতো বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলেও নদীর পাড়ে এসে নৌকার জন্য অপেক্ষা করতে হয়। এতে অনেক সময় নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হয় না। বর্ষাকালে বৃষ্টির মধ্যে নৌকায় পারাপারের সময় ভিজে যেতে হয়। আবার ঝড়ের সময় নৌকায় পারাপার করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে বহু সরকার এসেছে ও গেছে। বিভিন্ন নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা জগনাথগঞ্জ ঘাটে এসে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। বছরের পর বছর ধরে খেয়া পারাপার করেই জীবন কাটাতে হচ্ছে তাদের।
তারা বলেন, একটি সেতু নির্মাণ হলে দুই পাড়ের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় ব্যাপক উন্নতি ঘটবে। তাই বর্তমান সরকারের কাছে দ্রুত জগনাথগঞ্জ ঘাট এলাকায় পেরুয়া নদীর ওপর সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা। কৃষক ও শ্রমজীবী মানুষেরাও সেতুর অভাবে নানা সমস্যার কথা জানান। তারা বলেন, অনেক কষ্ট করে উৎপাদিত ফসল সময়মতো হাট-বাজারে নিতে পারেন না।
নদী পারাপারে সময় বেশি লাগায় অনেক সময় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজনে নদী পারাপার করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল জানান, জগনাথগঞ্জ ঘাট এলাকায় পেরুয়া নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঢাকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য সেতুর স্থান পরিদর্শন করে গেছে। অতি দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।