ময়মনসিংহে হঠাৎ ঝোড়ো হাওয়ায় দোকানপাট লন্ডভন্ড
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-07 15:13:51 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের বাইপাস এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়ায় কয়েকটি দোকানপাট লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় কয়েকটি দোকানের টিনের চালা উড়ে গিয়ে সড়কের ওপর পড়ে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ করেই দমকা হাওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যেই দোকানের টিনের চালা ও অন্যান্য জিনিসপত্র উড়ে যেতে শুরু করে। এ সময় কয়েকটি দোকানের টিনের চালা সড়কের ওপর পড়ে গেলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস আহমেদ বলেন, আমি দোকানে বসে চা খাচ্ছিলাম। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দমকা হাওয়া এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমাদের আরও কয়েকজন জিজ্ঞেস করেছে। তবে ময়মনসিংহে ঝড় হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, সেটিও জানা নেই।