কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল দুই ভাইয়ের
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 06:59:16 · স্টাফ রিপোর্টার
খেলার ছলে বাড়ির উঠানে নেমেছিল দুই ভাই। কে জানত, সেই উঠানেই ওত পেতে আছে মৃত্যু! প্রতিবেশীর পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করে প্রথমে বিদ্যুৎস্পর্শ হয় এক ভাই। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসে অন্য ভাইও। মুহূর্তেই নিভে যায় দুই শিশুর প্রাণ।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল মোয়াদ ও আরাফাত। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তারে স্পর্শ করলে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুতের সংস্পর্শে আসে। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।