ময়মনসিংহ মেইল

বালিশ বাবার মাজার ঘিরে উত্তেজনা, বন্ধের দাবিতে মানববন্ধন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 13:40:35 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় কথিত পীর রহিমের বালিশ বাবার মাজার তৈরী করা হয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই মাজারে ইসলাম বিরোধী কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে উলামা সমিতির ব্যানারে মানববন্ধন পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বীরখারুয়া গ্রামের খৈয়ারপার এলকায় কথিত পীর রহিম বাবার বালিশ পূজা ও ওরশ মাহফিলের নামে অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গফরগাঁও উলামা সমিতির সহ+সভাপতি মাওলানা আনোয়ার হোসেন আসাদী। 

সাধারন সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ উদয়পুরি প্রমুখ। সমাবেশে বক্তার বীরুখারুয়া গ্রামের খৈয়ারপাড় এলাকায় কথিত রহিম বাবার ওরশ শরীফের নামে বালিশ বাবার পূজা, মাদক, জুয়া সকল অনৈসলামিক কার্যকলাপ সম্পূর্ণ রুপে বন্ধ করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানান। দক্ষিণ গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল নাইম বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। ধর্মীয় স্পর্শকাতর বিষয়।

 আইন-শৃঙখলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সেদিকে প্রশাসনের সার্বক্ষনিক তদারকি রয়েছে। উল্লেখ্য, গত মার্চ মাসে বীর খারুয়া গ্রামের মোতালেব নামে এক ব্যক্তি মারা যাওয়ার পর মোতালেবের ছেলে মো. নাজমুল তার বাড়িতে একটি ঘরে খাটের উপর বালিশ স্থাপন করে। তার ওপরে লালসালু কাপড় বিছিয়ে কথিত পীর রহিম বাবার কবরের আকৃতি তৈরি করে। মৃত মোতালেব স্থানীয় চাইরবাড়িয়া বাজারের একজন দর্জি ছিলেন।

 বালিশ দিয়ে তৈরি কবরের পাশেই নাজমুল তার পিতা মৃত মোতালেবের কবরের উপর ঘর নির্মাণ করে এবং লালাসালু কাপড় বিছিয়ে মাজারের আকৃতি দেয়। মৃত মোতালেবের পরিবারের লোকজন বালিশ দিয়ে তৈরি কথিত পীর রহিম বাবার কবরে নিয়মিত সিজদা, দেয় ও গ্রামের লোকজনকে সিজদা করতে প্ররোচিত করার অভিযোগে উঠেছে। স্থানীয়দের দাবি, মৃত মোতালেবের কবরের উপর ঘর তৈরি করে মাজার নাম দিয়ে এই মাজার ও তার আশেপাশে নিয়মিত ইসলাম বিরোধী কার্যকলাপ, মাদক ক্রয়-বিক্রয়, জুয়ার আসরসা অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

 স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় সামাজিক ও ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এছাড়াও সপ্তাহের প্রতি সোমবার রাতের বেলায় ওই মাজারে আসর জমানো হয়। এদিকে, আগামী সোমবার এই মাজারে কথিত পীর রহিম বাবার ওরশ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজন এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এই ওরশকে কেন্দ্র করে জুয়া ও মাদকের আসর ব্যাপকভাবে বাড়তে পারে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করছেন। এই ওরশ মাহফিল বন্ধ করাকে কেন্দ্র করে এলাকাবাসী ও মাজার সর্মথকরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

 যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বালিশ বাবার মাজারের প্রতিষ্ঠাতা মো. নাজমুল গনমাধ্যম কর্মীদের দেখেই পালিয়ে যান। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেলা বন্ধ করতে বলা হয়েছে। যদি মেলা করতেই হয়, তাহলে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আসার কথা বলা হয়েছে। এছাড়া মেলা করার কোন সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত