ময়মনসিংহ মেইল

জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ০৬:২০পি.এম. | অক্টোবর ১০

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 12:55:46 · মেইল ডেস্ক

 জামালপুর সদর উপজেলায় বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ করেছেন তিনি। গত বুধবার (৭ অক্টোবর) থেকে উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় সোলায়মান হোসেনের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী।

তরুণীর দাবি, সোলায়মান হোসেনের সঙ্গে তাঁর প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এ সময় তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। গত বুধবার সোলায়মান তাঁকে নিজের বাড়িতে আসতে বললে তিনি সেখানে যান। এরপর থেকে সোলায়মানকে বাড়িতে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

তরুণী বলেন, তাঁদের মধ্যে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সোলায়মানের ডাকে তাঁর বাড়িতে আসার পর তিনি জানতে পারেন, সোলায়মান সেখান থেকে চলে গেছেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি ছেড়ে যাবেন না বলেও জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের ওই তরুণীর সঙ্গে সোলায়মানের প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তরুণী বিয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকে সোলায়মানকে সেখানে পাওয়া যাচ্ছে না। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

নরুন্দি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন গণমাধ্যমকে বলেন, গত বুধবার থেকে তরুণী বিয়ের দাবিতে সোলায়মানের বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি মীমাংসার জন্য এলাকাবাসীসহ তাঁরা আলোচনায় বসেছিলেন। তবে ছেলেপক্ষ বিয়েতে রাজি না হওয়ায় কোনো সমাধান হয়নি।

সোলায়মানের বিরুদ্ধে তরুণীর করা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেনি। স্থানীয় লোকজন বিষয়টি সমাধানের জন্য আলোচনা করেছেন বলে তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত