সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন, বাসের চাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 08:47:10 · প্রতিবেদক, জামালপুর
বাড়ির উঠানে পাশাপাশি শোয়ানো দুটি নিথর দেহ চাদরে ঢাকা। চারপাশে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আহাজারি করছেন। একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনেরা। আজ শনিবার সকাল ছয়টার দিকে নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন
বাড়ির উঠানে পাশাপাশি শোয়ানো দুটি নিথর দেহ চাদরে ঢাকা। চারপাশে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আহাজারি করছেন। একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনেরা।
আজ শনিবার সকাল ছয়টার দিকে নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের রৌমারীগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া এলাকায় বকশীগঞ্জ-রৌমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, সারা রাত বাস চালিয়ে আসায় চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ফাঁকা সড়কে চালক বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, এ কারণে দুর্ঘটনা ঘটেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনা ঘটেছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসচালকের সহকারী মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’