ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বরযাত্রীর বাস, বর-কনেসহ আহত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 07:15:00 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে গেছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ত্রিশালের বগার বাজার এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেসহ বরযাত্রীদের নিয়ে নেত্রকোনা বাইপাসের দিকে যাচ্ছিল অয়ন এন্টারপ্রাইজের একটি বাস। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়ে।
এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বর-কনেকে সড়কের পাশের একটি ওষুধের দোকানে বসে থাকতে দেখা যায়। আহত ব্যক্তিরা স্থানীয় ফার্মেসি ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁদের নাম-পরিচয় এবং আঘাতের মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকারটি নির্মাণ করা হয়েছে। তবে এটি দূর থেকে দৃশ্যমান করতে রং দিয়ে চিহ্নিত করা এবং এর আগে-পরে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের পরামর্শ দিয়েছেন স্থানীয় কয়েকজন। তাঁদের মতে, এসব ব্যবস্থা থাকলে চালকেরা আগে থেকেই সতর্ক হয়ে গতি নিয়ন্ত্রণ করতে পারবেন, যা দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
এ বিষয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। আহতদের কেউ হয়তো গাড়িতে আটকা পড়েননি, এ কারণে এমনটি হয়ে থাকতে পারে।