ময়মনসিংহ মেইল

দেওয়ানগঞ্জে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 09:46:47 · স্টাফ রিপোর্টার

জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের মধ্যেরচর ও চর নতুন বন্দর এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপি ও বাংলাবাজার বিওপির সদস্যরা ওই দুই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মধ্যেরচর এলাকার ১০৭৮ নম্বর সীমান্ত পিলার ও চর নতুন বন্দর এলাকার ১০৬৫ নম্বর পিলারের কাছে বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সীমান্তে দেশের সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত