প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে কয়েকটি সড়ক অবরোধ
চাকুরি · 2026-10-10 08:35:35 · মেইল ডেস্ক
ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়ক অবরোধ করা হয়েছে। বেলা
ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।
এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়ক অবরোধ করা হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টার দিকে এসব সড়ক অবরোধ করা হয়। বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলছে। এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গালর্স কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রার্থী গণমাধ্যমকে বলেন, শুরুর মিনিটখানেক আগে পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁরা শুনেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাঁর বাড়ি সিলেট।
আরেকজন বলেন, প্রশ্নপত্র দেওয়ার সময় শিক্ষকেরা বললেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই বাতিল।
পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বেলা সোয়া একটার দিকে গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’
আজ বেলা ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
২৪২টি পদের এ পরীক্ষায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো। তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্ট্যাটাসও দেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোটা তো দেয়নি, যতটুকু দিয়েছে মিল পাওয়া গেছে।’
বিভিন্ন সড়কে অবরোধ
ময়মনসিংহ মেইলের ফটোসাংবাদিক জাহিদুল করিম বলেন, বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক ও সাড়ে ১১টার দিকে মানিক মিয়া সড়কে তিনি অবরোধ দেখেন। অবরোধকারীরা বলেছেন শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করায় তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন।
দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ ও নীলক্ষেত মোড় অবরোধ করা হয়। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বেলা দেড়টার দিকে গণমাধ্যমকে বলেন, নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। অবরোধ এখনও চলছে।
দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ও অবরোধ করা হয়। এতে কিছু সময়ের জন্য নিউমার্কেট এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ১০থেকে ১৫ মিনিট পরে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বেলা দেড়টার দিকে গণমাধ্যমকে বলেন, এখন যান চলাচল স্বাভাবিক আছে। পরীক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে।