ময়মনসিংহ মেইল

নান্দাইলে দুর্গাপূজায় নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 13:39:12 · স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসন, পুলিশ, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে উৎসব উদযাপনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজার সার্বিক পরিবেশ সুরক্ষিত রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করতে হবে। পূজার দিনগুলোতে যেন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।

 পূজা উদযাপন উপলক্ষে সরকারি সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি পূজামণ্ডপে সরকারিভাবে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে দুই বান্ডিল করে ঢেউটিনসহ অন্যান্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমান, নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সায়েদুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দিলীপ কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্যসচিব বাবু পল্লব রায়,পৌর পূজা কমিটির আহ্বায়ক তপন চন্দ্র দাস এবং সদস্যসচিব সঞ্জয় কুমার বর্মনসহ অন্যরা।

 এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর নান্দাইল উপজেলায় ৩১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত