ময়মনসিংহ মেইল

শেরপুরে বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 12:58:09 · স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতীতে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে উপস্থিত অতিথি, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানানোর পর অনুষ্ঠানের শেষ অংশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী।

এ ছাড়া সভায় বন বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা চলাকালে কয়েক দফা বিদ্যুৎ চলে গেলে উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়। এরপর অনুষ্ঠানের শেষ অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন বলেন, আপাতত কোনো লোডশেডিং নেই। তবে লাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। বিষয়টি আমি দেখছি।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত