জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, আমাদের ধাক্কা দিয়ে ফেলা যাবে না: আহমেদ আযম খান
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 16:54:45 · এম কে ভুইয়া সোহেল
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় এসেছি আমাদের ধাক্কা দিয়ে ফেলা যাবে না। বিরোধী দল মনে করে রাজপথে স্লোগান দিলে সরকার এখনই পদত্যাগ করবে আর তারা ক্ষমতায় যাবে,এটা হবে না।আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি ।মঙ্গলবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী সব কথা বলেন।তিনি আরো বলেন, আমরা দেশকে গড়ে তুলবার জন্য কাজ করছি। সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন বিরোধীদলের উস্কানিতে পা দেবেন না। আপনারা ভালো কাজের সমর্থন দিন,খারাপ কাজে সংসদে গিয়ে সমালোচনা করুন। রাস্তায় কেন মানুষের ক্ষতি করছেন?স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপত্নী নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,সার্কেল এসপি একেএম মামুনুর রশিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির,টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরসহ অন্যরা।