ময়মনসিংহ মেইল

মেলান্দহে ভুল কীটনাশকে পুড়ল কৃষকের ৫ বিঘা ধানক্ষেত

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-06 08:05:54 · স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহে মাজরা পোকা দমনের কীটনাশক কিনতে গিয়ে ভুল করে আগাছানাশক পাওয়ার অভিযোগ উঠেছে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই ওষুধ ধানখেতে প্রয়োগের পর কৃষকের প্রায় পাঁচ বিঘা রোপা আমন ধান পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকায়। অভিযুক্ত ব্যবসায়ী রতন কৃষ্ণ সাহা মেলান্দহ বাজারের অনিমা এন্টারপ্রাইজের মালিক। 

ভুক্তভোগী কৃষক মাসুদ মিয়া জানান, গত শনিবার বিকেলে তিনি ওই দোকানে গিয়ে ধানখেতে মাজরা পোকা দমনের জন্য কীটনাশক চান। অভিযোগ, এ সময় তাঁকে ভুল করে আগাছানাশক দেওয়া হয়। পরে সেটি ধানখেতে প্রয়োগ করার পর জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়। মাসুদ মিয়ার অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমে দায় স্বীকার করেননি। 

বরং তাঁকে চোর বলেও আখ্যা দেন। প্রায় পাঁচ বিঘা জমির ধান নষ্ট হওয়ায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগের বিষয়ে অনিমা এন্টারপ্রাইজের মালিক রতন কৃষ্ণ সাহা বলেন, ‘মাসুদ নামে এক কৃষক বিষ কিনে নিয়ে যান। ভুলবশত তাঁর সঙ্গে আগাছানাশকও চলে গেছে।’ মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘ফসলি ক্ষেতটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত