ময়মনসিংহ মেইল

পদোন্নতির পরেও কর্মস্থলে যোগ দেননি স্বাস্থ্য পরিদর্শক ওয়াহিদুল

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-06 08:02:49 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ সিটি করপোরেশনে সংযুক্তিতে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক এসএইচএম ওয়াহিদুল হক পদোন্নতির পরও নিজ কর্মস্থলে দায়িত্ব পালন না করায় নানা প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, পদোন্নতির পর সিটি করপোরেশনে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।জানা যায়, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠপর্যায়ে কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক এসএইচএম ওয়াহিদুল হক ২০১৭ সালে ময়মনসিংহ সিটি করপোরেশনে সংযুক্তিতে যোগ দেন। দীর্ঘদিন ইপিআই কেন্দ্রে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে।গত ১৪ সেপ্টেম্বর পদোন্নতি পেয়ে তিনি স্বাস্থ্য পরিদর্শক হন। এরপর ফুলবাড়িয়ায় কর্মস্থলে যোগদান করলেও সেখানে নিয়মিত দায়িত্ব পালন না করে ময়মনসিংহ সিটি করপোরেশনে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি গত ২৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের হাজিরা খাতায় তার স্বাক্ষরও পাওয়া গেছে।তবে অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য পরিদর্শক এসএইচএম ওয়াহিদুল হক বলেন, তিনি ফুলবাড়িয়াতেই দায়িত্ব পালন করছেন এবং সেখানে যোগদান করেছেন। সিটি করপোরেশনের হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, ওই দিন কীভাবে তার স্বাক্ষর হয়েছে, তা তিনি জানেন না।ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, ওয়াহিদুল আগে সিটি করপোরেশনে সংযুক্তিতে ছিলেন। পদোন্নতির পর তিনি এখানে থাকলেও বিষয়টি দেখার দায়িত্ব তার নয়। তবে কয়েকদিন ধরে তাকে সিটি করপোরেশনে দেখা যাচ্ছে না।ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা বলেন, পদোন্নতির পর ওয়াহিদুলের সিটি করপোরেশনে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত