৭ মাস পর উৎপাদনে ফিরছে যমুনা সার কারখানা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-20 14:28:01 · স্টাফ রিপোর্টার
গ্যাস সংকটে টানা সাত মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফেরার প্রক্রিয়া শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে কারখানাটিতে স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়েছে। সব ধাপ ঠিকভাবে সম্পন্ন হলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হতে পারে।
যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টা থেকে স্টার্ট-আপ কার্যক্রম সফলভাবে চলছে। এর মাধ্যমে কারখানাটি উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় প্রবেশ করেছে।
১৯৯০ সালে সরিষাবাড়ীতে স্থাপিত যমুনা সার কারখানায় ১৯৯১ সাল থেকে বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া এবং ১ হাজার ৭৮ মেট্রিক টন অ্যামোনিয়া। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ ২১টি জেলার প্রায় আড়াই হাজার ডিলার এই কারখানা থেকে ইউরিয়া সার সংগ্রহ করেন।
গ্যাস সংকটে ২০২৪ সালের ১৫ জানুয়ারি প্রথম দফায় কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ২২ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ শুরু করলে কারখানাটি আবার উৎপাদনে ফেরে। তবে কয়েক মাসের মধ্যেই ফের গ্যাস সংকটে পড়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়।
এরপর টানা সাত মাস বন্ধ থাকার পর রোববার আবার গ্যাস সংযোগ পেয়ে স্টার্ট-আপ কার্যক্রম শুরু হলো। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় উত্তরাঞ্চলের সার সরবরাহে প্রভাব পড়ার পাশাপাশি কারখানাকেন্দ্রিক পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়। অনিশ্চয়তায় পড়েন কারখানার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত কয়েক হাজার শ্রমিক।
ফজলুল হক রতন বলেন, ‘স্টার্ট-আপের বিভিন্ন ধাপ সঠিকভাবে সম্পন্ন হলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিক ইউরিয়া সার উৎপাদনে যাওয়া সম্ভব হবে।’