ময়মনসিংহ মেইল

নদী খননে ক্ষতিগ্রস্ত সেতু

মেইল স্পেশাল · 2026-09-20 14:30:31 · মেইল ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আয়মন নদী খননের পর পানির তীব্র স্রোতে মন্ডলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটির নিচের অংশে ফাটল ধরার পাশাপাশি দুই পাশের মাটি সরে বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪ নম্বর বালিয়ান ইউনিয়নের মন্ডলবাড়ি এলাকা সরেজমিন পরিদর্শনে এসব তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি আয়মন নদী খননের পর পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নদীর তীব্র স্রোতে সেতুটির দুই পাশের মাটি সরে গেছে। সেতুর একটি অংশ ভেঙে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় সেতুটি পুরোপুরি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

মন্ডলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এই সেতু পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। সেতুটির বর্তমান অবস্থায় সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা।

এছাড়া সেতুটি দিয়ে মুক্তাগাছা কালীবাড়ি, গড়বাজাইল, তেলীগ্রাম, বাজার মোহাম্মদনগর, বাজার লক্ষ্মীপুর ও ময়মনসিংহ শহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন স্থানীয়রা। পাশাপাশি নয়নমনি উচ্চ বিদ্যালয়, তেলীগ্রাম উচ্চ বিদ্যালয় ও উজ্জ্বলহাটি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করেন।

মন্ডলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ‘সেতুটি নির্মাণের ফলে ফুলবাড়িয়া উপজেলা থেকে মুক্তাগাছা সদরের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে। কিন্তু সম্প্রতি আয়মন নদী খননের পর পানির তীব্র স্রোতে সেতুটির দুই পাশের মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত সেতুটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।’

তেলীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন জানান, সেতুটি ২০১০-১১ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, আয়মন নদীর পানির স্রোতে ইতোমধ্যে কয়েকজন দরিদ্র মানুষের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন অব্যাহত থাকলে মন্ডলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও হুমকির মুখে পড়তে পারে।

স্থানীয়দের দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেতুটি দ্রুত পুনর্নির্মাণের পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সেতুটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের দাবিতে মন্ডলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামসহ এলাকাবাসী ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত