ময়মনসিংহ মেইল

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 04:55:41 · স্টাফ রিপোর্টার

​নেত্রকোনার কলমাকান্দায় একটি বিদ্যালয়ের জমি এবং সামনের সরকারি হালট দখল করে গড়ে ওঠা ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গত ১১অক্টোবর রোববার সকাল  ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সমস্ত নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়।​উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। এ সময় তাঁর সঙ্গে সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।​উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি এবং এর সামনের সরকারি হালট জবরদখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এর ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছিল এবং বিঘ্নিত হচ্ছিল স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। অবৈধ দখলমুক্ত করা এবং খেলার মাঠ রক্ষা ও বহুতল ভবন নির্মাণের দাবিতে সম্প্রতি সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা দুই দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার ৬ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা।​কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম জানান, কলমাকান্দা মৌজার এসএ ১০ নম্বর দাগের সরকারি হালট এবং এসএ ৭৬ নম্বর দাগে অবস্থিত বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে গত এক সপ্তাহ ধরে অবৈধ দখলদারদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও তারা স্বেচ্ছায় জায়গা ছেড়ে না দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।​দীর্ঘদিনের দাবিকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজ। বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্রনবীশ ও ইনতিশার অরোরা ফারহা জানায়, বিদ্যালয় ও খেলার মাঠের জমি উদ্ধারের দাবিতে তারা আন্দোলন করেছিল। অবশেষে দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।​বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, ‘বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের নতুন ভবন, সীমানাপ্রাচীর, প্রবেশগেট ও খেলার মাঠ নির্মাণ করা প্রয়োজন।’​এদিকে উচ্ছেদ হওয়া কয়েকজন ব্যবসায়ী লিখিত নোটিশ না পাওয়ার অভিযোগ তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, ‘আমাদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, কেবল মৌখিকভাবে বলা হয়েছিল। দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসায় এখন আকস্মিক এই উচ্ছেদে আমরা বড় বিপাকে পড়েছি।’​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি উদ্ধার এবং জনস্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত