মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার-এক্সপ্রেসওয়ে হবে: তথ্য প্রতিমন্ত্রী
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 14:21:55 · স্টাফ রিপোর্টার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে মহাসড়কটি প্রশস্ত করা হবে বলেও জানান তিনি।
আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং মহাসড়ক প্রশস্ত করার বিষয়ে ময়মনসিংহ বিভাগের ৩৩ জন সংসদ সদস্যের কাছ থেকে ডিও লেটারের মাধ্যমে স্বাক্ষর নেয়া হয়েছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তও হয়েছে। ইনশা আল্লাহ, প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’
এসময় ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তথ্য কমপ্লেক্সে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি বিনোদনের জন্য নির্মাণ করা হবে আধুনিক সিনেপ্লেক্স। সেখানে বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থাও থাকবে।’
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘একদিন তোমাদের মধ্য থেকেই কেউ সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন। সে জন্য এখন থেকেই সঠিক পথ বেছে নিতে হবে, সৎ পথে চলতে হবে এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে এমন সুন্দর আয়োজনের জন্য তিনি প্রশংসার দাবিদার। সম্ভবত ময়মনসিংহ জেলায় শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন এটাই প্রথম।’ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রতিমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নে সবাইকে সহযাত্রী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু ও লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ অন্যরা।