ময়মনসিংহ মেইল

মাদারগঞ্জে ইটভাটার মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 14:52:14 · স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জে ইটভাটার মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকায় ভাই ভাই ব্রিকস নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি বর্তমান কমিটির সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ইটভাটায় কাদা থেকে কাঁচা ইট তৈরির কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন লিয়াকত আলী। পরে ভাটার শ্রমিকরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি জানান, লিয়াকত আলীকে জরুরি বিভাগে আনার পর পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাতিজা ও সাংবাদিক খাদেমুল ইসলাম বলেন, লিয়াকত আলী তার চাচা। তিনি অত্যন্ত নম্র ও ভদ্র মানুষ ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারের সবাই শোকাহত। আগামীকাল সোমবার বিকাল তিনটায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইটভাটা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লিয়াকত আলী ভাটার মালিক আলহাজ নজরুল ইসলামের আপন ভাগনে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ইটভাটার রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান বলেন, লিয়াকত আলী অত্যন্ত ভালো মানুষ ও দলের নিবেদিতপ্রাণ সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে তারা শোকাহত।মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুকালে লিয়াকত আলী স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত