ময়মনসিংহ মেইল

ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 14:09:36 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চান। ময়মনসিংহবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ অঞ্চলে বিমানবন্দর নির্মাণ করা প্রয়োজন। সেজন্য ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরের সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঘড়ি কিনুন

সিটি করপোরেশনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ২০০ শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। মন্ত্রী বলেন, ‘ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করতে সময় লাগবে। কারণ, এটি একটি বড় ব্যাপার।

ময়মনসিংহে দ্রুত একটি শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আগামী বছর আবারও যখন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হবে- তখন শিশুপার্ক পুরোপুরি প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। সবাইকে নিয়ে ময়মনসিংহ বিভাগের উন্নয়ন করা হবে। চাকরির ব্যবস্থা করে বেকারত্ব দূর করা হবে। ময়মনসিংহের ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে। প্রধানমন্ত্রীর ইশতেহার অনুযায়ী আমরা ধীরে ধীরে সবকিছু বাস্তবায়ন করব।

নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘বিরিশিরি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটনকেন্দ্র। এটিকে জাতীয় পর্যায়ে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে বিদেশি অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসবে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলাতেও এগিয়ে যেতে হবে।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পর্যটনমন্ত্রী। তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। পূজামণ্ডপে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দিয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘যত দিন জাতীয়তাবাদী দল সরকারে থাকবে, তত দিন মেধার ভিত্তিতে ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, ‘ময়মনসিংহে ইতোমধ্যে তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেশের প্রত্যেক জেলায় তথ্য কমপ্লেক্স স্থাপন করা হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু, প্রকৌশলী লুৎফুল্লাহহেল মাজেদ বাবুসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকরা বক্তব্য দেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত