বকশীগঞ্জে ঝড়ে গাছপালা উপড়ে লণ্ডভণ্ড
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-08 14:43:06 · স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নঈম মিয়ার বাজার ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আকস্মিক এক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীর মতো আঘাত হানা তীব্র এই ঝড়ে গাছপালা ভেঙে পড়ে দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল কিছু সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে এই তাণ্ডবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে আসে। এরপরই শুরু হয় তীব্র বেগের দমকা হাওয়া। মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকা ধুলোবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বগারচর ও সদর ইউনিয়নের ওই অংশে সড়কের পাশের বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ মাঝখান থেকে ভেঙে পড়ে এবং কিছু গাছ শিকড়সহ উপড়ে যায়।
নঈম মিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন- চোখের পলকেই আকাশ কালো হয়ে তীব্র বাতাস শুরু হয়। মুহূর্তেই কয়েকটি বড় গাছ ভেঙে রাস্তার ওপর আছড়ে পড়ে। ওই সময় সড়কে মানুষের চলাচল কম থাকায় সৌভাগ্যবশত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের টিম লিডার হাসেন আলী বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ঝড়ে প্রায় ছয় থেকে সাতটি বড় গাছ ভেঙে রাস্তায় পড়েছে। আমাদের টিম সড়ক থেকে গাছ অপসারণের কাজ করছে। বড় গাড়ি চলাচল সাময়িক বন্ধ থাকলেও আশা করছি অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।
সার্বিক বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন- ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার এবং উপড়ে যাওয়া গাছগুলো সরিয়ে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।