ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সারা দেশ · 2026-10-08 12:52:49 · স্টাফ রিপোর্টার
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বিশেষ করে জেলেদের সম্পদ। তাই ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি এলাকায় জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে ইলিশের উৎপাদন বাড়াতে হবে। দেশপ্রেম নিয়ে দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ছোট ইলিশের ডিম থেকে দেড় থেকে দুই লাখ পর্যন্ত ইলিশের বাচ্চা হতে পারে। আর বড় ইলিশের ডিম থেকে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা উৎপাদন সম্ভব। তাই ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ রেখে জেলেদের ধৈর্য ধরতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাত্র ২২ দিন আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা জেলেদের ২৫ কেজি করে চাল দিচ্ছি। এই কয়েকটা দিন একটু কষ্ট করলে ভবিষ্যতে আপনাদের নিজেদের সম্পদের পরিমাণই বাড়বে।’
তিনি আরও বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ এবং এটি জিআই পণ্য। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে হয়। মাদারীপুর ইলিশ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। বিশেষ করে পদ্মা নদীর ইলিশের স্বাদ অত্যন্ত ভালো।
প্রশাসনকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই যেন অবৈধ জাল ব্যবহার করা না হয়। নিজেদের সম্পদ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, মাদক দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। তাই প্রত্যেক পরিবারকে সচেতন থাকতে হবে, যাতে পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে।
তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব মো. সোহেল রানাসহ প্রমুখ।