ময়মনসিংহ মেইল

‘নিজেরা হল দখল করব না, কাউকে দখল করতেও দেব না’

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-08 15:36:09 · স্টাফ রিপোর্টার

‘আমরা নিজেরা হল দখল করব না, কাউকে দখল করতেও দেব না’—এই নীতির কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪ সালের নির্বাচনের পর কোনো হল বা রুম দখলের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুরুদয়াল কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এস এম ফরহাদ বলেন, বিভিন্ন সময়ে নির্বাচনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাস ও হল দখলের অভিযোগ উঠেছে। তবে ২০২৪ সালের নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

ডাকসুর জিএস বলেন, তিনি, ভিপি ও এজিএস কেউ হলে সিট নিয়ে থাকেননি। তাদের হলে থাকার সুযোগ থাকলেও মাস্টার্স শেষ হওয়ায় তারা সিট ছেড়ে দিয়েছেন। এসব সিটে সাধারণ শিক্ষার্থীরা থাকবেন—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাবির ১৮টি হলের শতাধিক দোকানে আগে চাঁদাবাজি হতো দাবি করে ফরহাদ বলেন, সেসব চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। গত এক বছরে তাদের সবচেয়ে বড় সাফল্য ‘সহিংসতামুক্ত ক্যাম্পাস’ তৈরি করা।

শিক্ষার্থীদের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংগঠনের বিভিন্ন যোগাযোগমাধ্যমে অভিযোগ ও পরামর্শ জানানোর সুযোগ রয়েছে। এমনকি প্রকাশ্যে সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সমালোচনা ও ফিডব্যাক আমাদের পাথেয়।’

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইনের পাশাপাশি ইসলামী সংগীত, কাওয়ালি ও নাটিকা পরিবেশন করা হয়।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত