রাজশাহীতে ১২শ’ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন
বাংলাদেশ · 2026-10-08 06:55:44 · স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২শ’ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় প্যাকেজ ডব্লিউডি-১-এর পূর্তকাজে ব্যয় হবে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এ কাজের বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
প্রকল্পের আওতায় ১২শ’ শয্যা বিশিষ্ট ১১ তলা ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে একটি ভূগর্ভস্থ তলা থাকবে। এর মধ্যে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টিস ভবন নির্মাণের পাশাপাশি দেওয়ানি, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন এবং অভ্যন্তরীণ বিদ্যুতায়নের কাজ করা হবে। এছাড়া ভবনের অভ্যন্তরীণ স্থায়ী সুবিধাদিও নির্মাণ করা হবে।
এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পূর্ত কাজের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি দর প্রস্তাব জমা পড়ে। এরমধ্যে দু’টি দর প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে গ্রহণযোগ্য সর্বনিম্ন দর দাতা প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকার কাছ থেকে নির্ধারিত অর্থে কাজটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।