নান্দাইলে তালাকনামা না পাওয়ায় নতুন স্বামীসহ স্ত্রীকে আটক প্রথম স্বামীর
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-21 10:40:42 · মেইল ডেস্ক
ময়মনসিংহের নান্দাইলে প্রবাসী নতুন স্বামীকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে প্রথম স্বামীর হাতে ধরা পড়েছেন রুবিনা আক্তার নামে এক তরুণী। আগের স্বামীকে আইনগত তালাকনামা না দিয়ে পুনরায় বিয়ে করা, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে তাঁদের হাতেনাতে আটক করেন প্রথম স্বামী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল উপজেলা হাসপাতাল সংলগ্ন রিতা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে উদংমধুপুর গ্রামের শরীফ মিয়ার সাথে রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। চাকরিজীবী শরীফ বিয়ের পর থেকে স্ত্রীর লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করে আসছিলেন। সাম্প্রতিক পারিবারিক মনোমালিন্যের সুযোগ নিয়ে শরীফের অবর্তমানে পরিবারের সিদ্ধান্তে বিয়ের তথ্য গোপন রেখে ঈশ্বরগঞ্জের সৌদি প্রবাসী হাফেজ আবু হানিফের সাথে পুনরায় বিয়েবন্ধনে আবদ্ধ হন রুবিনা।
পরবর্তীতে শরীফ বিষয়টি জানতে পেরে ময়মনসিংহ লিগ্যাল এইডের মাধ্যমে উকিল নোটিশ পাঠান। রুবিনা তালাক দিয়েছেন বলে দাবি করলেও কোনো লিখিত তালাকনামা পাননি বলে জানান প্রথম স্বামী শরীফ মিয়া। শনিবার দুপুরে নতুন স্বামীকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে এলে শরীফ তাঁদের আটক করেন।
ক্ষোভ প্রকাশ করে শরীফ মিয়া বলেন, জীবনের সব উপার্জন স্ত্রীর হাতে তুলে দিয়ে তিনি চরম প্রতারণার শিকার হয়েছেন এবং কোনো আইনি তালাকনামা তিনি পাননি।
তবে অভিযোগ অস্বীকার করে রুবিনা আক্তার ও তাঁর বাবা জানান, আদালতের মাধ্যমে নিয়ম মেনেই তালাক দেওয়া হয়েছে।
নান্দাইল মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তাঁদের থানায় আনা হয়েছিল। বিষয়টি পারিবারিক হওয়ায় পরবর্তীতে তরুণীকে তাঁর বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।