ময়মনসিংহ মেইল

নান্দাইলের আচারগাঁওয় ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন দেওয়ানের গণসংযোগ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-21 06:18:34 · প্রতিবেদক, নান্দাইল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী জাকির হোসেন দেওয়ান শামছুলের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।গণসংযোগকালে জাকির হোসেন দেওয়ান শামছুল নিজেকে সাধারণ মানুষের একজন হিসেবে তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। গরিব, অসহায় ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করাই তার অন্যতম লক্ষ্য। দলীয় সমর্থন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে আচারগাঁও ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, কৃষকদের সহায়তা, নাগরিক সেবা সহজীকরণ এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। কোনো বৈষম্য না করে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করার কথাও জানান তিনি। প্রচারণাকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তার সমর্থকরা বিএনপির দলীয় সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করে জাকির হোসেন দেওয়ান শামছুলের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। জাকির হোসেন দেওয়ান শামছুল বলেন, “আমি মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে রাজনীতি করতে চাই। দল আমাকে সমর্থন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে আচারগাঁও ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।”এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আচারগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরছেন। নির্বাচনের সময় ঘনিয়ে এলে ইউনিয়নের রাজনৈতিক ও নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত