টাঙ্গাইলে সিএনজি স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা- জব্দ করা হয়নি অবৈধ কাভার্ড ভ্যান ও গ্যাস
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 14:56:38 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মা সিএনজি রিফুয়েলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।তবে সড়ক পরিবহন আইন ২০১৮, বিস্ফোরক আইন ও গ্যাস সিলিন্ডার বিধিমালা ২০১৬ মোতাবেক অবৈধ গাড়ি ও গ্যাস জব্দসহ দণ্ডনীয় শাস্তির বিধান থাকলেও এ অভিযানে তা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
আজ সোমবার (১২ অক্টোবর) উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় বাসিন্দা, একাধিক ছোট গাড়ির চালক অভিযোগ করে বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেট দেশের সবকটি প্রচলিত সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাভার্ড ভ্যানে অবৈধভাবে দুই থেকে আড়াইশো গ্যাস সিলিন্ডার সংযোজন করে দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে সিন্ডিকেটের সদস্যরা লাভবান হলেও মানুষের জীবন ও সম্পদ ঝুঁকিতে রয়েছে। সড়কে টাইম বোমা পরিবহন শিরোনামে ডিবিসি নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদনও প্রচার করেছে। যাতে উঠে এসেছে এমন নিষিদ্ধ ও অবৈধ একটি গাড়ি বিস্ফোরণ ঘটলে প্রায় তিন কিলোমিটার এলাকা ধ্বংসযজ্ঞ নেমে আসবে। এছাড়া সাভারেও এমন অবৈধ গ্যাস পরিবহন করা গাড়ি বিস্ফোরণে ৮ জন মানুষ মারা গেছেন এবং বহু মানুষ আহত হয়েছে। যদি এখানে এমন ঘটে, সড়কে চলতে চলতে যদি বিস্ফোরণ ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এর দায় নিবে কে?
এদিকে চালকরা অভিযোগ করে বলেন কার্গো গাড়িতে গ্যাস লোড দেয়াতে আমরা গ্যাসের চাপ পাইনা এবং কোনো গ্যাস স্টেশনে যদি বিস্ফোরণ ঘটে তাহলে উপায় কি? অভিযানকালেও কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রির সত্যতা তো ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতেনাতেই পেয়েছেন তাহলে সেই গাড়ি ও গ্যাস জব্দ করা হল না কেন? এমন বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তারা।তাদের অভিযোগ যেখানে প্রতিদিন শতশত গাড়িতে অবৈধভাবে গ্যাস বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করা হয় সেখানে লাখ টাকা জরিমানা তো হাতের ময়লা। লোক দেখানো অভিযান পরিচালনা নয়, চান আইনের যথাযথ প্রয়োগ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ীভাবে এই নিষিদ্ধ কার্যক্রম বন্ধের দাবিও তাদের।
অবৈধ কাভার্ড ভ্যান জব্দ না করার বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা বলেন, তার যেমন বিচার করতে মনে হয়েছে তেমনটিই করেছেন। এসময় কোন আইনে জরিমানা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন গ্যাস আইনের ১৩ ধারায়। একই সাথে সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিস্ফোরক আইনে নিষিদ্ধ উল্লেখ করা হলে তিনি বলেন বিচারকে প্রশ্ন করা বেঠিক ও সবসময় সব আইন জানা থাকে না।