মির্জাপুরে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রির দায়ে মা সিএনজি স্টেশনের লাখ টাকা জরিমানা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 14:38:05 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মা সিএনজি রিফুয়েলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, অবৈধভাবে তৈরি কাভার্ড ভ্যান বা কার্গোতে শতাধিক মোবাইল সিএনজি সিলিন্ডার স্থাপন করা করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণ কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার বসিয়ে সিএনজি স্টেশন থেকে গ্যাস পূর্ণ করা হয়। যা পরবর্তীতে বিভিন্ন অবৈধ কারখানা বা স্থানে চড়া দামে সরবরাহ করা হয়। অভিযানকালে বাওয়ার কুমারজানি এলাকায় অবস্থিত মা সিএনজি রিফুয়েলিং স্টেশনে বিশেষভাবে তৈরি কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১৩ ধারায় মা সিএনজি রিফুয়েলিং স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান, অভিযানের মাধ্যমে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।