শেরপুরে ফাঁসিতে ঝুলে কিশোরের মৃত্যু,
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-13 13:46:12 · স্টাফ রিপোর্টার
শেরপুর সদর উপজেলার ১১ নং বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী গ্রামে নিজ ঘরের জানালার গ্রিল থেকে মো. দিপু মিয়া (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দিপু (১৫) ওই গ্রামের মো. আব্দুল মজিদ পেলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নিজ বসতঘরের জানালার গ্রিলে ওড়না পেঁচানো অবস্থায় দিপুকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি। তবে স্থানীয়দের মধ্যে ঘটনাটির পেছনে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বা তদন্তে অন্য কোনো তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।