সখীপুরে বাড়ি ফিরলেন সেই বৃদ্ধ দম্পতি, ছেলের পক্ষ থেকে মাসে মিলবে এক লাখ টাকা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-09 11:50:43 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখীপুরে সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে যাওয়া বৃদ্ধ দম্পতি আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম নিজেদের বাড়িতে ফিরেছেন। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের মধ্যস্থতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা বাড়িতে ফেরেন। বাবা-মায়ের ভরণপোষণের জন্য লন্ডনপ্রবাসী চিকিৎসক ছেলে শাহ জালাল প্রতি মাসে এক লাখ টাকা করে পাঠাবেন বলে জানানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী আহমেদ আযম খান সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ওই দম্পতির বাড়িতে যান। এ সময় তিনি বৃদ্ধ দম্পতির সঙ্গে কথা বলেন এবং মুঠোফোনে তাঁদের ছেলে শাহ জালালের সঙ্গেও কথা বলেন। পরে ছেলের পাঠানো এক লাখ টাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
প্রায় দুই সপ্তাহ আগে বাড়ি ছেড়ে মির্জাপুর উপজেলার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন আবদুর রহমান ও আনোয়ারা বেগম। সম্পত্তি লিখে নেওয়ার পর তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছেলে শাহ জালালের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বৃদ্ধ আবদুর রহমান সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসা কর্মকর্তা। প্রায় চার দশক আগে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২৪ শতাংশ জমি কিনে তিনতলা ভবন নির্মাণ করেন। এ ছাড়া মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কড়িপাড়ার বদরচালা এলাকায় তাঁদের গ্রামের বাড়িতেও জমি রয়েছে।
সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের জেরে আনোয়ারা বেগম দলিল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন। পাশাপাশি মারধরের অভিযোগে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এসব অভিযোগ অস্বীকার করে শাহ জালাল দাবি করেছেন, বাবা-মায়ের সম্মতিতেই ইসলামি আইন অনুযায়ী সম্পত্তি বণ্টন করা হয়েছে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, মন্ত্রীর পরামর্শে বৃদ্ধ দম্পতিকে মির্জাপুরের গ্রামের বাড়ি থেকে সখীপুরের নিজেদের বাড়িতে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে। সম্পত্তি নিয়ে বাবা-মায়ের সঙ্গে প্রবাসী ছেলের বিরোধের আপাতত নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।
তবে সম্পত্তি নিয়ে করা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।