আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে একাধিক নির্দেশনা তথ্য প্রতিমন্ত্রীর
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-22 15:50:07 · স্টাফ রিপোর্টার
অপরাধী শনাক্ত, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে একাধিক নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে পুলিশ ও জনসাধারণের মধ্যে সমন্বয় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, একটি থানায় থাকা পুলিশের পক্ষে এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই অপরাধী শনাক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও জনসাধারণের মধ্যে সমন্বয় কমিটি গঠন করা প্রয়োজন।
অপরাধীদের শনাক্ত করে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র ওত পেতে আছে এবং তারা নানা ধরনের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টার কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের জনগণকে তৎপর থাকার নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অপপ্রচার রোধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মিথ্যা অপপ্রচারের কারণে যেন কোনো এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। নান্দাইল থানা পুলিশের উদ্দেশে তিনি বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। একই সঙ্গে কোনো মিথ্যা মামলা গ্রহণ করা যাবে না।
মাদকের বিরুদ্ধে কঠোর নির্দেশনা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসে যে পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে, আগামী মাসে তার তিনগুণ উদ্ধার করতে হবে। উদ্ধার করা মাদকের জব্দ তালিকাও তাকে দেখানোর নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে শক্ত মামলা করতে হবে।
এলাকাভিত্তিক সঠিক তালিকা তৈরি করে মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালাতে হবে। প্রয়োজন হলে তাদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে এলাকা ছাড়তে বাধ্য করতে হবে বলেও পুলিশকে নির্দেশ দেন তিনি।
সভায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য।