ময়মনসিংহ মেইল

ফুলপুর-তারাকান্দায় ৩ উন্নয়ন কাজের উদ্বোধন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-22 15:50:49 · স্টাফ রিপোর্টার

: ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় সরকারের তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে পৃথক আয়োজনে এসব উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উন্নয়নকাজগুলোর মধ্যে রয়েছে তারাকান্দার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ডোহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ফুলপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এ ছাড়া তারাকান্দা উপজেলা প্রশাসনের অর্থায়নে নবনির্মিত মিনি লাইব্রেরির উদ্বোধন করেন নিলোফার চৌধুরী মনি। পরে তিনি উপজেলা প্রশাসনের পুষ্পকানন পরিদর্শন করেন।

এ সময় নিলোফার চৌধুরী মনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরে তিনি ফুলপুর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

পৃথক এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত