ময়মনসিংহ মেইল

বাবা : এক চিলতে চিলেকোঠা

খোলা কলাম · 2026-08-26 14:12:35 · উত্তম ঘোষ

আমি জন্মের পরই প্রথম  চোখ মেলে বাবাকেই  দেখে  ছিলাম। বাবা ডাক্তার হওয়ার সুবাদে আমার জন্ম জটিলতায় জন্য বাবা  আতুর ঘরে  ঢুকে পড়েছিলেন।বাবাকে নিয়ে লেখা এতো বিরাট দুঃসাধ্য ব্যাপার। যখন সাংবাদিকতা  করেছি তখন বাবাকে নিয়ে কত তত্ব কথা লিখেছি ।  আর আজ এত বছর পর সত্যিই নিজের  বাবাকে নিয়ে লিখতে বসে কিছুই  মাথায় আসছে না। কত জ্ঞানী গুনীজনরা  বাবাকে নিয়ে কত কথা মধুরতা   শব্দ চয়ন  করে গেছেন আর আমি? বটবৃক্ষ  থেকে শুরু করে  মাথার উপর  বিশাল  আকাশ , ছাদ আরও কত কি লিখেছেন ।  সেই  তুলনায়  আমার বাবা তো কিছুই  না। তবুও প্রত্যেক সন্তানের কাছে  বাবা মহামূল্য বান মহীরুহ।আমার বাবা আমার জীবনের   ছোট্ট  এক চিলতে  চিলেকোঠা  মাত্র। যে চিলেকোঠার  দরজা  জানলা খুলে দিলেই বাবা হুহু করে সারা শরীরে  শীতল পরশ ভুলিয়ে দেয়,  যতদূর যে দিকে চোখ যায় শুধু  বাবার মুখ ছাড়া আর কিছুই  দেখা যায় না।৷ চারিদিকে গাছ গাছে পাখপাখালির কন্ঠে বাবার সেই  পোষা ময়নার অবিকল বাবা ডাক। বৃষ্টির  রাতে বাবার গায়ের  সাথে লেপ্টে  পেটের উপর পা তুলে দিয়ে  ঘুমিয়ে থাকা অথবা বাবার  কৈশোরে  যৌবনের  রূপকথার  গল্প শোনা  এ যেন  আরেক  রূপকথার জন্মদাতা।জন্মের মাত্র এগারো দিনের মাথায় আমার বাবা তাঁর  বাবাকে চিরকালের জন্য  হারিয়েছেন সেই  পিতৃহারা মানুষটি পরবর্তীতে বার সন্তানের  জনক হয়েছেন। চার সন্তানের  শোক বুকে নিয়ে  আটটি সন্তানকে  তাঁর  আদর্শ, মেধা, ধৈর্য, সততা দিয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় দ্বার পযর্ন্ত নিয়ে গেছেন। এ হলো আমার বাবা আমার গর্ব।আমার বাবা একজন নিষ্ফলা  কৃষক প্রেমিক।। পেশায় ডাক্তার  হওয়ার  সত্বে কৃষির সাথে, মাটির  সাথে সখ্যতা ছিল  বলেই গ্রামের এক অপরূপ  সুন্দরী  নারীর প্রেমে পড়ে বিয়ে করেন। আমৃত্যে গ্রামেই সাধারণ মানুষের  মত জীবন যাপন  করেছেন।  গ্রামের সাধারণ  মানুষের  সেবা করেছেন।  তালগাছ হয়ে বাবা বাবুই পাখির মতোই  আটটি শৈল্পিক  বাসা বুনন করে আমাদের  ভালবাসাময়  সম্পর্কে মানুষ  গড়ার কারিগর  হতে চেষ্টা  করেছেন। শেষটা তিনি আর দেখে  যেতে পারলেন  না ।শেষের  দিকের  বাবা ঝড়ে  বিধ্বস্ত  ছেঁড়া পাল  আর ভাঙ্গা মাস্তুল  নিয়েই  হাল ধরার চেষ্টা  করেছেন।  ঘাটে তরী ভিড়ার আগেই লিভার সিরোসিসে এক পড়ন্ত বিকেলে বাবা না ফেরার দেশে পাড়ি জমালেন।  বাবা যখন শেষ  যাত্রায় রওয়ানা হলেন  তখন আমাকেই শেষ বারের মতো দেখলেন,  সেই  আতুর ঘরে  আমি যেমন বাবাকে প্রথম দেখি।বাবাকে  বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত