ময়মনসিংহ মেইল

দুর্দিনে পাশে ছিলাম, আজ তারাই বুকে লাথি মারছে, জামিনে মুক্ত সাথী

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-28 14:24:18 · মোঃ ফরহাদ হোসেন মায়া

ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লাইভ করেছিলেন ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার। সেই লাইভকে কেন্দ্র করে উত্তেজনা, মারধর ও হয়রানির শিকার হওয়ার অভিযোগের পর গ্রেপ্তার হন তিনি। 

বুধবার (২৮ অক্টোবর) আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্যবসায়ী।

আদালত থেকে বেরিয়ে সাথী আক্তার বলেন, তিনি সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি; নিজের কষ্টের কথাই তুলে ধরেছিলেন। অথচ এ কারণে তাঁকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তাঁর।

ক্ষোভ প্রকাশ করে সাথী বলেন, দুর্দিনে তিনি বিএনপির পাশে ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। কিন্তু আজ সেই দলের লোকজনই তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সাথীর ভাষ্য, তাঁর তিনটি শোরুমে বৈদ্যুতিক তার চুরি হয়েছে। বিশেষ করে এসির তার ও বিদ্যুতের মিটারের তার চুরি যাওয়ায় তাঁকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। একটি শোরুমে নতুন করে চার কয়েল তার কিনতে হয়েছে, যার প্রতিটি কয়েলের দাম ১২ হাজার টাকা। ব্যবসার এমন ক্ষতির মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।

এ পরিস্থিতিতে গত রোববার নিজের ‘সাথী মেকওভার’ ফেসবুক আইডি থেকে দুটি লাইভে এসে চুরির ঘটনা ও ক্ষতির কথা তুলে ধরেন সাথী। লাইভের একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে বিচার দাবি করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়।

বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালতে শুনানি শেষে সাথী আক্তারের জামিন মঞ্জুর হয়। ৫০০ টাকার মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।

তিনি জানান, সাথীর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ আদালতে শুনানি করেন। আগামী ৩ নভেম্বর পুলিশ প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে ১৫১ ধারায় গ্রেপ্তারের বিষয়ে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

রাজনৈতিক পরিচয় সম্পর্কে সাথী জানান, বিএনপির কোনো পদে না থাকলেও দলটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতার সময় তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে আন্দোলনেও ছিলেন। ভালুকার বিএনপিদলীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানান তিনি।

নিজের ওপর ঘটে যাওয়া ঘটনার বিষয়ে এখনই পরবর্তী আইনি পদক্ষেপ নিতে চান না সাথী। তিনি বলেন, বর্তমানে অসুস্থ থাকায় আগে বিশ্রাম নিতে চান। সুস্থ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ পরিচালনা করেন। তাঁর বাবার নাম আমজাদ আলী।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত