ময়মনসিংহ মেইল

ভৈরবে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-28 14:36:42 · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৯৬টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় ও পলতাকান্দা এলাকায় এসব অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন ভৈরবের কমলপুর পূর্বপাড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে লিটন মিয়া (৩৪), পলতাকান্দা এলাকার শেফালী বেগম (৩৮) এবং কমলপুর এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে আবুল বাশার (৫০)।

পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, বুধবার সকাল ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়সংলগ্ন একটি খাবারের হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলটির কর্মচারী লিটন মিয়াকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হোটেল ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এরপর দুপুর ২টার দিকে পলতাকান্দা এলাকায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শেফালী বেগমের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৭৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়। একই সময়ে ১০ গ্রাম গাঁজাসহ আবুল বাশার নামে আরেকজনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল, কিশোরগঞ্জ জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), ভৈরবের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ আনসার সদস্যরাও অংশ নেন। অভিযানে মোট ৯৬টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট পরিদর্শক চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের কাছে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিটন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, শেফালী বেগমকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং আবুল বাশারকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত