জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-28 10:27:18 · স্টাফ রিপোর্টার
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য রোড-শো এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের ব্যস্ততম ফৌজদারি মোড় এলাকা থেকে একটি সচেতনতামূলক রোড-শো বের করা হয়। চালক, পথচারী ও সাধারণ যাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সতর্কতা বাড়াতে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানকার সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের দ্রুত অগ্রগতির পেছনে উন্নত যোগাযোগ খাতের ভূমিকা অপরিসীম। তবে এই যোগাযোগ ব্যবস্থা যদি নিরাপদ ও ঝুঁকিমুক্ত না হয়, তবে তা জাতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
সড়কের শৃঙ্খলা রক্ষায় কেবল একক কোনো পক্ষকে দোষারোপ না করে সকলের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশেষ করে পরিবহন খাতের সাথে জড়িতদের সবচেয়ে বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জামালপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল কিবরিয়া।
ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরিফুল পারভেজ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও ফজলে এলাহী মাকাম।
এছাড়া শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)-এর জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ এবং ট্রাক ও ট্যাংকলড়ি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেবসহ প্রমুখ।
বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।