ময়মনসিংহ মেইল

ভালুকায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-28 05:51:27 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড় এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট থেকে তাঁকে আটক করা হয়।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেম মিয়ার বাসায় ভাড়া থাকতেন এবং সেখানে একটি সেলুন পরিচালনা করতেন। অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়ির উঠানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সূচিত্রা অভিযোগ করেন, নেশার জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা পরিশোধ করতেন না। সম্প্রতি টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রবীন্দ্র ও সাদ্দামের মধ্যে পূর্ববিরোধ ছিল। ঘটনার সময় রবীন্দ্র নিজের সেলুনে অবস্থান করছিলেন। এ সময় সাদ্দাম অতর্কিতভাবে ধারালো ছুরি দিয়ে তাঁর বুকে, পিঠে, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ভালুকা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত