ময়মনসিংহ মেইল

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারাল নান্দাইলের মামুন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-10 12:54:04 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের যুবক মামুন মিয়া (২৫) রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হয়েছেন।নিহত মামুন মিয়া উপজেলার খারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খারুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।পরিবার সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় গত ৭ মে জাবাল-এ নূর ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি এজেন্সির মাধ্যমে সাড়ে আট লাখ টাকা চুক্তিতে রাশিয়ার উদ্দেশে আরও প্রায় ৩০ জন বাংলাদেশি যুবকের সাথে দেশ ছাড়েন মামুন।পরিবারের অভিযোগ, রাশিয়ায় পৌঁছানোর মাত্র চার দিন পর এজেন্সি ও সংশ্লিষ্ট দালাল চক্র মামুনসহ ওই দলের যুবকদের রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসমরে পাঠানো হয়।গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মামুনের মামুনের সঙ্গে রাশিয়ায় যাওয়া ঝিনাইদহের রাজন মিয়া পরিবারকে মোবাইল ফোনে বিষয়টি জানান।রাজন মিয়া বলেন, প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় মামুন প্রাণ হারান। ওই হামলায় রাজন নিজেও গুরুতর আহত হন। পরে হাসপাতাল থেকে পালিয়ে দেশে ফেরেন তিনি।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মামুনের স্ত্রী মহিমা আক্তার বলেন, গত ২৬ আগস্ট স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তখন মামুন জানিয়েছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রে অবস্থান করছেন। প্রায় আট কিলোমিটার পথ হেঁটে একটি এলাকায় গিয়ে ওয়াই-ফাই সংযোগ পাওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তিনি।মহিমা আক্তার বলেন, দুই বাচ্চা নিয়ে আমি কীভাবে সংসার চালাব? মরদেহটা কীভাবে দেশে আনব, তা-ও তো জানি না। স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তিনি।মামুনের মা রোকেয়া খাতুন বলেন, সংসারের সচ্ছলতা ফেরানোর জন্য চার মাস আগে সাড়ে আট লাখ টাকা ব্যাংকঋণ ও ধার করে বিদেশ পাঠিয়েছি। এখনো কারও টাকা শোধ করতে পারিনি। সমিতির লোকজন এসে ঘুরে যাচ্ছে। একমাত্র সন্তানের এমন করুণ পরিণতি হবে, ভাবতেও পারি না। দুইডা নাতিকে কীভাবে বড় করব, তা-ও বুঝতেছি না।স্থানীয় ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বাচ্চু বলেন, ছেলেটি দরিদ্র পরিবারের সন্তান। রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছে বলে শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।এদিকে রাশিয়ায় উচ্চ বেতন ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশি যুবককে পাঠানোর অভিযোগে এরই মধ্যে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারি তথ্য অনুযায়ী, এসব এজেন্সির মধ্যে জাবাল-এ-নূর ইন্টারন্যাশনাল লিমিটেডও রয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত