ময়মনসিংহে সাড়া পেয়েছে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-12 13:07:27 · স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ময়মনসিংহ জেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জনপরিসরকে এই কার্যক্রমের আওতায় এনে স্থানীয় জনগণসহ সব অংশীজনকে সম্পৃক্ত করা হচ্ছে।শনিবার দুপুরে বিএনসিসি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।জেলা প্রশাসক বলেন, “স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে কর্মপরিকল্পনার মাধ্যমে প্রতিটি সড়ক, বাজার ও এলাকায় নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্নতা অভিযান করা হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করলে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ জেলা উপহার দিতে পারবো।”তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে ময়মনসিংহেও সমন্বিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।জেলা প্রশাসনের এই উদ্যোগকে আরও বিস্তৃত করেছে ‘ক্লিন সানডে’ কর্মসূচি। প্রতি রবিবার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে নিজেদের প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার করা হচ্ছে। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য পরিচ্ছন্নতাকে নিয়মিত সামাজিক অভ্যাসে পরিণত করা।জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। নিয়মিত কার্যক্রমের মূল্যায়নের মাধ্যমে ইতোমধ্যে জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি’জ অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ দেওয়া হয়েছে। পুরস্কারের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা সামগ্রীও সরবরাহ করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতার কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে হাট-বাজার ও সরকারি-বেসরকারি অফিস প্রাঙ্গণেও বিস্তৃত করা হয়েছে। জেলা প্রশাসক এর আগে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও যুব সংগঠনকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ডেঙ্গু প্রতিরোধেও জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সাম্প্রতিক কর্মসূচিতে নতুন বাজার এলাকায় সরকারি মুমিনুন্নিসা কলেজের স্কাউট ও বিএনসিসির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়। এটি নিয়মিত চর্চার মাধ্যমে নাগরিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে পরিচ্ছন্নতার এই উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে।“আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। সবাই মিলে কাজ করলে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব,” বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।