টাঙ্গাইলে জুটমিলে পাওনা টাকা চাইতে গিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-29 13:19:07 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি জুটমিলে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ‘চাঁদা দাবি’ বলে মিথ্যা অপপ্রচার ও মামলা করার অভিযোগ উঠেছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন মামলায় অভিযুক্ত কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলার সারপলশিয়া এলাকার ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সুপারভাইজার আক্তার হোসেন। তিনি সম্প্রতি চাঁদা দাবির অভিযোগ এনে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার নামীয় আসামিরা হলেন নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়ারেস (২৫), সারপলশিয়া গ্রামের মো. শামীম (২৭) এবং লিখন তালুকদার (২৯)।
অভিযুক্তদের দাবি, জুটমিলের অংশীদার প্রতিষ্ঠান মেসার্স প্রিয়ন্তী এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী আব্দুল হাই সরকারের কাছে লিখন তালুকদারের প্রায় ৫০ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকা ফেরত চাইতে গত ২২ আগস্ট তারা জুটমিলে যান। তাদের ভাষ্য, পরে ২৪ আগস্ট টাকা পরিশোধের কথা বলে মিল কর্তৃপক্ষ অফিসে ডেকে নেয়। কিন্তু সেখানে টাকা না পেয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জুটমিলের ম্যানেজার সাজিদুর রহমান ওরফে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর ওই ঘটনার সঙ্গে তাদের জড়িয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয় বলে দাবি অভিযুক্তদের। জুটমিলের সুপারভাইজার আক্তার হোসেন বলেন, তারা চাঁদার জন্য এসেছিল কি না, আমি নিশ্চিত নই। আমাকে দিয়ে এ অভিযোগ করানো হয়েছে।
অভিযুক্ত ওয়ারেসের বাবা আসলাম তালুকদার বলেন, পাওনা টাকা দেওয়ার কথা বলে তাদের অফিসে ডাকা হয়েছিল। পরে টাকা না দেওয়ায় তর্কবিতর্ক হয়েছে। থানার মামলা মিথ্যা, বানোয়াট ও সুপরিকল্পিত। রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল ষড়যন্ত্র করছে। জুটমিলের অংশীদার আব্দুল হাই সরকারও দাবি করেন, ওরা চাঁদার জন্য যায়নি।
এখানে একটি নাটক সাজানো হয়েছে। আমি ঢাকা থেকে ফিরে বিষয়টি নিয়ে তাদের পরিবারের সঙ্গে বসব। ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।