গ্যাস সংকট-লোডশেডিং বন্ধের দাবিতে নেত্রকোনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-06 13:21:30 · প্রতিবেদক, নেত্রকোণা
গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভূতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে শহরের কুরপাড় এলাকায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে থেকে জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জোটের নেতারা বলেন, গত তিন মাসের সব ভূতুড়ে বিদ্যুৎ বিল গণশুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এবং এ অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ডিমান্ড চার্জসহ অতিরিক্ত আদায় করা অর্থ কোনো আবেদন ছাড়াই গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি জানান তারা।
এ ছাড়া গ্যাস সরবরাহ না থাকলে কোনো ধরনের বিল আদায় করা যাবে না-এমন নীতি বাস্তবায়নেরও দাবি জানানো হয়। নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় জোটের নেতারা।একই দাবিতে জেলার ১০টি উপজেলাতেও পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।