ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-02 13:31:43 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হৃদ্‌যন্ত্রের সমস্যাও ছিল।

নিহতরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল বারেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কদ্দুস (৪০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে শুরু থেকেই হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য আইসোলেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থাপনা টিম কাজ করছে। চিকিৎসক ও নার্সসহ আলাদা জনবল নিয়ে এ টিম গঠন করা হয়েছে।

তিনি জানান, ডেঙ্গু ব্যবস্থাপনায় হাসপাতালের ফোকাল পারসন হিসেবে অধ্যাপক ডা. এমদাদ এবং অ্যাসিস্ট্যান্ট ফোকাল পারসন হিসেবে ডা. সেলিম দায়িত্ব পালন করছেন। তাদের তত্ত্বাবধানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি হাসপাতালের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।

ডা. মাইনউদ্দিন খান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যার হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত রোগীদের জন্য জায়গা ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। তবে এটি জাতীয় পর্যায়ের একটি সংকট হওয়ায় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে ২৭ নম্বর ওয়ার্ডের পুরো অংশকে আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত