ময়মনসিংহ মেইল

কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-27 13:55:45 · স্টাফ রিপোর্টার

জামালপুর ও কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি এবং সমন্বয়ের লক্ষ্যে সরকার তাকে এই দুই জেলার দায়িত্ব দিয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ে ভূমিকা রাখবেন।এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন তিনি।সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির তদারকি ও পরামর্শ প্রদানের দায়িত্বও থাকবে তাঁর ওপর। প্রয়োজনবোধে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য সাংবিধানিক-সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব হবে না। দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কিশোরগঞ্জ ও জামালপুরের মানুষের কল্যাণে কাজ করার এই দায়িত্বকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত হিসেবে দেখছি। সরকারের উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করব। জনগণের আস্থা ও সহযোগিতাই হবে আমাদের কাজের মূল শক্তি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত