শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ, রাজীব পরিবহনের পারমিট বাতিলের দাবি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-02 11:18:11 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহে রাজীব পরিবহনের বাসের ধাক্কায় গতকাল রোববার (১ নভেম্বর) নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিউল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় রাজীব পরিবহনের তিনটি বাস আটকে কলেজের সামনে নিয়ে যান তারা।
এছাড়াও আগামীকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে ময়মনসিংহসহ সারা দেশে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নটর ডেম কলেজের গেটের সামনে এ কর্মসূচি শুরু হয়। দুপুর ৩টা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে রাজীব পরিবহনের বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবি, রাজীব পরিবহনের বাসের রোড পারমিট বাতিল করতে হবে। পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চালক ও সহকারীদের লাইসেন্স বাতিল এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। আগামীকাল বেলা ১১টার মধ্যে এসব দাবি পূরণ না হলে দুপুর ১২টা থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক, ময়মনসিংহ বাইপাসসহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করা হবে।
নটর ডেম কলেজ ময়মনসিংহের ২০২৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাসের চাপায় এক পরিবারের চারজনসহ সাতজন নিহত হওয়ার ঘটনার কিছুদিনের মধ্যেই আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একের পর এক এমন ঘটনায় সড়কে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট পরিবহনের দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। আগামীকাল বেলা ১১টার মধ্যে রাজীব পরিবহনের বাসের পারমিট বাতিল, সংশ্লিষ্ট চালক ও সহকারীদের লাইসেন্স বাতিল এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনে ময়মনসিংহের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং সারা দেশের শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ।
নটর ডেম কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া জাকিউল ইসলাম (২০) গতকাল রোববার সকালে নগরের চুরখাই এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। সকাল ৯টার দিকে দ্রুতগতির রাজীব পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, রাজীব পরিবহনের বাস বেপরোয়া চালানোর কারণে নটর ডেম কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।